বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচনের কার্যক্রম শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে ভক্ত-সমর্থকদের ভোটের মাধ্যমে এবার বেছে নেওয়া হবে বিশ্বকাপের ‘ড্রিম টিম’।

প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নাম। পুরো বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জায়গা পেয়েছেন মনোনয়নে। এছাড়া ইকুয়েডরের বিপক্ষে রেকর্ডসংখ্যক সেভ করে আলোচনায় আসা কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুমও রয়েছেন তালিকায়।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সর্বোচ্চ ছয়জন ফুটবলার জায়গা পেয়েছেন এই মনোনয়নে। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা থেকে রয়েছেন পাঁচজন। গোলরক্ষক, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ—প্রায় সব বিভাগেই প্রতিনিধিত্ব রয়েছে এই দুই ফাইনালিস্ট দলের।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে আর্জেন্টিনার পাঁচ ফুটবলারকে মনোনয়ন দিয়েছে ফিফা। গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। রক্ষণভাগে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। মাঝমাঠে আছেন এনজো ফার্নান্দেজ এবং আক্রমণভাগে একমাত্র প্রতিনিধি লিওনেল মেসি।

এবারের বিশ্বকাপে মেসি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তার চেয়ে বেশি গোল করেছেন শুধু ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে মনোনয়ন পেয়েছেন গোলরক্ষক উনাই সিমোন, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, মিডফিল্ডার রদ্রি ও লামিন ইয়ামাল এবং ফরোয়ার্ড মিকেল ওইয়ারজাবাল।

তবে ফিফার প্রকাশিত এই সংক্ষিপ্ত তালিকায় কিছু অনুপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছে। স্পেনের নিয়মিত দুই ডিফেন্ডার পাউ কুবারসি ও আইমেরিক লাপোর্তের নাম নেই তালিকায়। বিশেষ করে বিশ্বকাপের সেরা উদীয়মান (বেস্ট ইয়াং প্লেয়ার) পুরস্কারজয়ী পাউ কুবারসির বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে।

মিডফিল্ডারদের তালিকাও বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ভোটে ৪-৪-২, ৪-৩-৩ এবং ৩-৪-৩—এই তিনটি ফরমেশনের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সে কারণে স্বাভাবিকভাবে আক্রমণভাগে খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও লামিন ইয়ামালের মতো ফুটবলারদেরও মিডফিল্ডারদের তালিকায় রাখা হয়েছে, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে।

অবস্থানভিত্তিক মনোনীত ফুটবলাররা:

গোলরক্ষক

  • এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ (আর্জেন্টিনা)
  • ভোজিনহা (কেপ ভার্দে)
  • উনাই সিমোন (স্পেন)
  • জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড)
  • এলয় রুম (কুরাসাও)

ডিফেন্ডার

  • লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা)
  • নুনো মেন্দেজ (পর্তুগাল)
  • মার্ক কুকুরেয়া (স্পেন)
  • ভিরগিল ফন ডাইক (নেদারল্যান্ডস)
  • গ্যাব্রিয়েল মাগালায়েস (ব্রাজিল)
  • ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা)
  • দায়ো উপামেকানো (ফ্রান্স)
  • পেদ্রো পোরো (স্পেন)

মিডফিল্ডার

  • জুদ বেলিংহ্যাম (ইংল্যান্ড)
  • মাইকেল অলিসে (ফ্রান্স)
  • ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
  • এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
  • উসমান দেম্বেলে (ফ্রান্স)
  • লুকা মদরিচ (ক্রোয়েশিয়া)
  • ইসমাইল সাইবারি (মরক্কো)
  • রদ্রি (স্পেন)
  • লামিন ইয়ামাল (স্পেন)

ফরোয়ার্ড

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
  • আরলিং হলান্ড (নরওয়ে)
  • হ্যারি কেইন (ইংল্যান্ড)
  • হুলিয়ান কিনিওনেস (মেক্সিকো)
  • মিকেল ওইয়ারজাবাল (স্পেন)
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177137