সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: গ্রাহকদের মাসিক ডিপিএস’র মেয়াদ শেষ হওয়ার পরও জমানো টাকা ফেরত না দেওয়ার অভিযোগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী ও জেলা সমন্বয়কারী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার সিরাজগঞ্জ মোকাম বিঞ্জ সদর থানা আমলি আদালতে ভুক্তভোগী গ্রাহক মো. আব্দুল কাইয়ুম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। সদর থানা আমলি আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছেন।
মামলার বিবরণ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ৫শ’ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত প্রিমিয়াম সংগ্রহ করত। সাধারণ গ্রাহকরা কেউ ৫ বছর, আবার কেউ ১০ বছর ও ১৫ বছর মেয়াদে কষ্টার্জিত টাকা জমা দিয়ে নিয়মিত রশিদ সংগ্রহ করেছেন। তবে বিপত্তি ঘটে মেয়াদ শেষ হওয়ার পর।
ডিপিএস’র মেয়াদ পূর্ণ হওয়ার পর পাওনা টাকা ফেরত নিতে গ্রাহকরা কোম্পানির সিরাজগঞ্জ অফিসে যোগাযোগ করলে টনক নড়ে তাদের। অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টাকা প্রদানে নানা তালবাহানা ও কালক্ষেপণ শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এই বিষয়ে বাদির আইনজীবী এড. মো. শওকত আলী সেলিম বলেন, মেয়াদ শেষ হওয়ার পর কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে চরম প্রতারণা ও অর্থ আত্মসাতের আশ্রয় নিয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং পাওনা টাকা আদায়ের লক্ষ্যেই সিরাজগঞ্জ আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।
এই বিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানির সিরাজগঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177124