বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মায়ের জামিন নামঞ্জুর

বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মায়ের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় সদ্যপ্রসূত সন্তান হত্যা মামলায় ওই নবজাতকের মা নিপা খাতুনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। সে বগুড়ার তেলিহারা উত্তরপাড়ার দুলাল প্রামানিকের স্ত্রী। আজ মঙ্গলবার (২১ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ঘটনার দুই মাস আগে নিপা খাতুনের সাথে দুলাল প্রামানিকের বিয়ে হয়। বিয়ের সময় নিপা খাতুন অন্তঃসত্ত্বা ছিল, বিষয়টি সে স্বামী দুলালের কাছে গোপন রাখে। এরই এক পর্যায়ে গত ৮ মে বেলা ২টার দিকে নিপা খাতুন সন্তান প্রসব করে। সদ্যপ্রসূত সন্তানকে ব্লেড দিয়ে গলাকে কেটে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয় নিপা খাতুন।

পরের দিন ৯ মে ওই নবজাতককে পুকুরে ভাসতে দেখে তেলিহারা পশ্চিমপাড়ার বাসিন্দা শেকেরকোলা ইউনিয়নের চৌকিদার নারায়ণ চন্দ্র মালী ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বগুড়া সদর থানায় সংবাদ দেন এবং নিজে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ওই নবজাতকের মা নিপা ও দুলালকে গ্রেফতার করলে নিপা ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. বিনয় কুমার দাষ বিশু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177087