বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
শহর প্রতিনিধি (বগুড়া) : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার পৌর এ্যাডওয়ার্ড পার্কের সম্প্রীতি গেটে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে বৃক্ষমেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
সামাজিক বন বিভাগ বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পৌর এ্যাডওয়ার্ড পার্কের শহীদ টিটু মিলনায়তনে এরপর আলোচনা সভায় যোগ দেন অতিথিরা। মিলনায়তনে বগুড়ার ঐতিহ্যবাহী জিলা স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ প্রয়োজন। সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ গাছ রোপণ ও তার পরিচর্যা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, পরিবেশের বায়ুদূষণ, বন্যা, ঝড়, খরতাপ, বজ্রপাত প্রতিরোধে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। গাছ রোপণ ও এর পরিচর্যার বিষয়কে ‘Good Practice’ হিসেবে উল্লেখ করে অধিক শিখন পক্রিয়া ত্বরান্বিত করে একটি গাছের পরিবর্তনের ধাপে শিক্ষার্থীদের বাড়তি মনোযোগ আনতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও তিনি বগুড়ায় শিক্ষার্থীদের বিনামূল্যে বৃক্ষ উপহার এবং মেলার আয়োজন করায় সামাজিক বনবিভাগকে ধন্যবাদ জানান।
সামাজিক বন বিভাগ বগুড়া সূত্রে জানা যায়, এবারের বৃক্ষমেলা চলবে আজ ২১ জুলাই থেকে ২৭ জুলাই সোমবার পর্যন্ত টানা সাত দিন। অতিরিক্ত আরও তিন দিন বর্ধিত মেলার আয়োজন থাকবে বেসরকারিভাবে। সরকারি বনবিভাগ, বিএডিসি, টিএমএসএসসহ বেসরকারি ও ব্যক্তিগত নার্সারি মিলিয়ে মেলায় স্টল রয়েছে মোট ৪০টি। মেলা শেষে দু’টি ক্যাটাগরিিতে তিন বিভাগে পুরষ্কার প্রদান করা হবে। এছাড়াও, জেলার দুই উপকারভোগীকে জনপ্রতি ২৪ হাজার ৯০৪ টাকা করে এবং ভূমি মালিক (জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদ) এর নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধিদের মোট ২১ লাখ ৮৫ হাজার ৫৭৭ টাকার চেক হস্তান্তর করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, বগুড়ায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি সংস্থা মিলিয়ে মোট ৫০০টির বেশি চারাগাছ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের মাধ্যমে দেশ সাজিয়ে সবার আগে বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

আলোচনা সভায় সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমাজের আগামী দিনের আলো হলো শিক্ষার্থীরা। ফাস্টফুড ও চিপস প্যাকেট, কোমল পানীয়র বোতল বা এ জাতীয় অপচনশীল দ্রব্য যত্রতত্র না ফেলে বগুড়া মহানগরকে পরিষ্কার রেখে শিক্ষার্থীদের সমাজের আলো হয়ে মানুষের সেবা করার জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বেশি বেশি বৃক্ষরোপণেরও আহবান জানান তিনি। বগুড়া মহানগরবাসীকে বৃক্ষমেলায় এসে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পরিদর্শন ও কিনে সরকারি এই বৃক্ষরোপণ অভিযানে অংশ নেয়ারও আহবান জানান তিনি।
এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামছুদ্দিন প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177034