শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর জাতীয় পর্ব
স্পোর্টস ডেস্ক : শুরু হলো প্রতিভা অন্বেষণমূলক মেগা ইভেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রতিযোগিতার জাতীয় পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় গত পহেলা মে সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়েছিল। উপজেলা ও জেলা পেরিয়ে বিভাগীয় ধাপ সফলভাবে শেষ করে এখন জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। খেলার শক্তির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের জার্সিতে মাঠে নামলে সবাই কেবল বাংলাদেশি পরিচয়ে পরিচিত হন। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমাদের ফুটবলসহ অন্যান্য খেলাগুলোকে আরও এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মকে মুঠোফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পর্যায় ও বিভিন্ন ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখানো খুদে ক্রীড়াবিদদের চিহ্নিত করে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, এসব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব সরকার গ্রহণ করবে। এছাড়া বর্তমান ৮টি ইভেন্টের সঙ্গে খুব শীঘ্রই ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ইভেন্টের সংখ্যা ১০টিতে উন্নীত হবে।
প্রথম আসর শেষ হওয়ার আগেই গত পহেলা জুলাই থেকে দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এর উদ্বোধন করা হবে। দেশের ৪ হাজার ৫৮৯টি ইউনিয়ন ও ৫০৩টি উপজেলা পর্যায় থেকে দল গঠন করে এই প্রতিযোগিতা বছরব্যাপী চালু রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী ২৭ জুলাই বিকেলে আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে এই মেগা ইভেন্টের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177026