তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জর্ডানের
আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সরকারি বার্তা সংস্থা পেত্রার বরাতে জানানো হয়েছে।
জর্ডানের সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে যেসব এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধ্বংসাবশেষ অপসারণে দ্রুত প্রকৌশলী দল মোতায়েন করা হয়েছে।
এর আগে রাজধানী আম্মানসহ দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকা টিভিও বিষয়টি নিশ্চিত করে। সাইরেন বাজার পর দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
বর্তমান পরিস্থিতিতে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমা সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রেখেছে।
একই সঙ্গে জর্ডান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের সুরক্ষায় যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177008