শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাটের ব্যাগ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাটের ব্যাগ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে। এ উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির ব্যাগ উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। প্রতি বিদ্যালয়ে গড়ে ২০০ জন শিক্ষার্থী ধরে পাইলট প্রকল্পের আওতায় প্রায় ৯৯ হাজার শিক্ষার্থীর হাতে পাটের স্কুল ব্যাগ তুলে দেওয়া হবে। এ জন্য ৫৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে এবং জেডিপিসি পিএলসির মাধ্যমে ব্যাগ সংগ্রহ করা হবে।

পরিদর্শনের সময় তিনি পাইলট প্রকল্পের আওতায় উৎপাদিত পাটের স্কুল ব্যাগ তৈরির কার্যক্রম ঘুরে দেখেন।

পাট শিল্পের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনও প্রয়োজনীয় পাটবীজ আমদানি করতে হয়। এ নির্ভরতা কমাতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। পাশাপাশি পাটচাষিদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা এবং পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক নদী, নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিয়েছে। এতে সময়মতো পাট জাগ দেওয়া সম্ভব হচ্ছে না, যা পাটের গুণগত মান ও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। পাট চাষি ও পাট শিল্পের উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/177003