পাবনায় আ’ লীগ ও ছাত্রলীগের ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

পাবনায় আ’ লীগ ও ছাত্রলীগের ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

পাবনা প্রতিনিধি: নির্বাচিত সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ আখতার বাদি হয়ে পাবনা সদর থানায় মামলাটি করেন।

‎মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ঘোষিত পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত (২৭), জেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের বিশ্বাস অন্তু(৩২), সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ওরফে রাভাসহ (২৮) মোট ৩৭ জন।

পাবনা সদর থানা সূত্রে জানা যায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অবৈধ সমাবেশ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত সদর হাসপাতাল সড়কের জাকিরের মোড় এলাকায় অভিযান চালায় পাবনা সদর থানা পুলিশের একটি বিশেষ দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ও ইটের টুকরা ফেলে মোটরসাইকেলযোগে এবং দৌড়ে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি চাইনিজ কুড়াল, তিনটি লোহার রড, তিনটি বাঁশের লাঠি ও ২০টি ইটের টুকরা জব্দ করে পুলিশ। স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে এসব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।

মামলার বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় ও তাদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176979