নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন শান্ত
২০২৫ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ পুরুষ দলের সহকারী নির্বাচক হিসেবে যোগদান করেছিলেন হাসিবুল হোসেন শান্ত। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। এরপর চলতি বছরে চুক্তি শেষ হওয়ায় তিনি আর নিজের মেয়াদ বাড়াননি। তবে কাজ চালিয়ে যাচ্ছিলেন শান্ত।
এরপর নতুন করে নিয়োগপ্রাপ্ত হন প্রধান নির্বাচক হাবিবুল বাশারসহ দুই সহকারী নির্বাচক নাদিফ চৌধুরি এবং নাঈম ইসলাম। তবে এবার শান্তকে পুরুষ দল থেকে বাংলাদেশ নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের একটি গণমাধ্যমকে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রায় ১০ মাস পুরুষ দলের সঙ্গে সুনামের সঙ্গে কাজ শেষে এবার নারী দলের সঙ্গে যোগ দিচ্ছেন আইসিসি ট্রফিজয়ী সাবেক এই ক্রিকেটার। জানা গেছে নারী দলকে নিয়ে বিসিবির পরিকল্পনা বড়, পাশাপাশি সামনে অনেক খেলা থাকায় আরও গতিশীল করতেই নতুন নির্বাচক নিয়োগ।
এর আগে দীর্ঘদিন বয়সভিত্তিক দলেও সুনামের সঙ্গে নির্বাচক হিসেবে কাজ করেছেন শান্ত। এবার নতুন চ্যালেঞ্জের সামনে সাবেক এই তারকা পেসার। দ্রুতই যোগ দেবেন নারী বিভাগ দলের সঙ্গে।