ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তি কারাগারে

ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তি কারাগারে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে এক নারীকে তিনদিন ধরে বাড়িতে আটকে রেখে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় মো. আব্দুল লতিফ(৫৮) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী(৩০) সামান্য বুদ্ধিপ্রতিবন্ধী। গত ১৫ জুলাই সকাল ১০টার দিকে ভূল্লী থানার ছোট বালিয়া(নাপিতপাড়া) এলাকার স্বামীর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাপিতপাড়ার একটি কাঁচা রাস্তায় ওই নারীকে খুঁজে পান স্বজনেরা।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বজনদের অভিযুক্ত আব্দুল লতিফের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি জানান, ১৫ জুলাই থেকে তাকে ওই বাড়িতে রাখা হয়েছিল। পরে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন গয়া বিষয়টি থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তি ও ওই নারীকে থানায় নিয়ে আসে। এরপর ওই নারীর ভাই বাদি হয়ে ভূল্লী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মোত্তালেব প্রধান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল লতিফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176950