বগুড়ায় সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় সৌদি প্রবাসীর বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রীকে হত্যা করে টাকা ও সোনার গহনাসহ সাড়ে ১৭ লক্ষাধিক টাকার মলামাল লুটের মামলার হাজতি আসামি মান্নানের (৫০) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে।
হাজতি ওই আসামি দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মিমন্ডপ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। আজ সোমবার (২০ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার এই জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ, সৌদি প্রবাসী শাজাহান আলীর বাড়ি দুপচাঁচিয়ার উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামে। গত ৮ জুলাই দিবাগত রাতে ওই বাড়িতে প্রবেশ করে প্রথমে আসামিরা তার বাবা আফতাব উদ্দিনকে (৭০) শ্বাসরোধ করে হত্যা এবং পরে সৌদি প্রবাসীর স্ত্রী রিভাকে (৩৫) একই কায়দায় হত্যা করে। এসময় নিহত রিভার শিশুকন্যা রুকাইয়া তাসনিম মালিহা ভয়ে চোখ বন্ধ করে থাকে।
দুর্বৃত্তরা আফতাব উদ্দিন ও রিভাকে হত্যার পর সোনার গহনা ও টাকাসহ ১৭ লাখ ৫৬ হাজার ২শ’ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে নিহত আফতাব উদ্দিনের মেয়ে তাহমিনা বিবি বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই হত্যা মামলা দয়ের করেন।
হাজতি আসামি মান্নানের বিরুদ্ধে চুরি, মাদকদ্রব্য ও জুয়া আইনের মামলাসহ ৮টি মামলা রয়েছে। মামলটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মো আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. মাসুদ রেজা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176944