ঠাকুরগাঁওয়ে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষে আহত ৮
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বসতভিটার জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। গত শনিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের ধনতলা মুন্সিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্র ও লোহার রডের আঘাত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গতকাল রোববার বালিয়াডাঙ্গী থানায় ১২ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন মো. মিজানুর রহমান(৩২) নামে এক ব্যক্তি। এজাহারে অভিযুক্তরা হলো- ধনতলা মুন্সিপাড়ার মো. আনোয়ার হোসেন(৪০), মো. দেলোয়ার হোসেন(৩৫), মো. জবাইদুর রহমান(৩৮), মো. মানিক হোসেন(৩৫), মো. সাজু হোসেন(২৮), মো. খাজিম উদ্দীন(৫৮), মো. হোসেন আলী(৫৫), মো. পশিরুল হক(৩০), জেলি আক্তার(৩০), পারভীন বেগম(৩২), তসলিমা বেগম(৩৫) ও মুক্তা বেগম(৩০)।
অভিযোগে বলা হয়, ধনতলায় মিজানুর রহমান ১৪ শতক জমিতে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। ওই জমির পশ্চিমাংশের ১১ দশমিক ৫০ শতক জমি দখলের জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একাধিকবার শালিস হলেও সমস্যার সমাধান হয়নি।
এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বসতভিটায় প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা বাদি ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এসময় মিজানুর রহমান, আবদুল হামিদ, আবুল কাসেম, আইন উদ্দীন, আজিম উদ্দীন ও সাঈদ আলীসহ আরও কয়েকজনকে লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে মারধর করা হয়।
এছাড়াও বাড়ির নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায়, এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা হয়েছে। মামলার তদন্তের পর অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176938