ফেয়ার প্লে পুরস্কার জিতল নেদারল্যান্ডস

ফেয়ার প্লে পুরস্কার জিতল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে শৃঙ্খলা বজায় রেখে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে ট্রফি জিতেছে নেদারল্যান্ডস। নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে ডাচরা সবচেয়ে কম শাস্তিমূলক কার্ড দেখেছে। পুরো আসরে তাদের খেলোয়াড়রা পেয়েছেন মাত্র তিনটি হলুদ কার্ড।

১৯৭০ বিশ্বকাপে প্রথমবার চালু হওয়া ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয় সেই দলকে, যারা অন্তত দ্বিতীয় রাউন্ডে উঠে সেরা শৃঙ্খলার পরিচয় দেয়। প্রথমবার এই সম্মান জিতেছিল পেরু।

গ্রুপ ‘এফ’-এর শীর্ষে থাকার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয় তাদের। মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে শেষ হয় ডাচদের বিশ্বকাপ যাত্রা।তবে বিদায়টা আগেভাগে হলেও মাঠে নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন ফুটবল খেলায় আলাদা নজর কেড়েছে নেদারল্যান্ডস। মাত্র তিনটি হলুদ কার্ড নিয়ে বিশ্বকাপের ইতিহাসে অষ্টম দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি জয়ের কৃতিত্ব গড়েছে তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176908