এখনও মার্কিন সেনাদের অপেক্ষায় ইরান

এখনও মার্কিন সেনাদের অপেক্ষায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি দক্ষিণাঞ্চলীয় খার্গ দ্বীপ দখলের উদ্দেশ্যে কোনো ধরনের দুসাহসিকতা বা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

তিনি বলেন, তেহরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই স্থল অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী আসার খবর উদযাপন করতে এবং তাদের মোকাবিলা করতে ‘মিনিটের হিসাব কষছেন’। সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং থেকে মুখপাত্রের এই কঠোর হুঁশিয়ারির কথা জানা গেছে।

দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশ থেকে প্রায় ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দূরে অবস্থিত এই খার্গ দ্বীপটি হলো ইরানের পুরো তেল শিল্পের প্রধান প্রাণকেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধ চলাকালীন বিভিন্ন সুযোগে একাধিকবার কৌশলগত এই দ্বীপাঞ্চলটি দখলের তাগিদ ও হুমকি দিয়ে আসছিলেন, যার কঠোর জবাব দিল তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে বলেন যে, দেশটির সামরিক বাহিনী যেকোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভূখণ্ড রক্ষায় ইরান তাদের পুরো সামর্থ্য ব্যবহার করবে বলেও ইরানের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176906