হেরেও বীরের মর্যাদা পাচ্ছে ফুটবলারা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি। তারপরেও জাতীয় দলের দেশে ফেরার দিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। বিশ্বকাপে রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় বরণ করে নিতে দেশজুড়ে উৎসবের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মিলে। তিনি লেখেন, ‘খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।’ তার মতে, ট্রফি না জিতলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই পুরো দেশের জন্য গর্বের বিষয়। জাতীয় দলকে স্বাগত জানাতে এবং সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটি ঠিক কোন দিন কার্যকর হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। দল দেশে ফেরার সময়সূচি ও খেলোয়াড়দের প্রস্তুতির ওপর ভিত্তি করেই দিন নির্ধারণ করা হবে।
এ বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর হবে।’ রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মিলে বলেন, পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগলেও এই দল দেশের জন্য অসাধারণ এক উদাহরণ রেখে গেছে।
তার ভাষায়, ‘আমি জানি, এই মুহূর্তে খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য সময়টা কঠিন। কিন্তু প্রাথমিক হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা আসলে কত বড় একটি অর্জন নিয়ে দেশে ফিরছে। এই দল আমাদের যে মানসিকতা ও লড়াইয়ের শিক্ষা দিয়েছে, তা অমূল্য।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176891