হামলা চললে হরমুজ দিয়ে এক ফোঁটাও তেল-গ্যাস যাবে না : ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল বা গ্যাসও যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যতদিন পর্যন্ত তাদের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ চলতে থাকবে, ততদিন হরমুজ প্রণালি নিরাপদ থাকবে না। তারা সতর্ক করে বলেছে, এই পথ দিয়ে পেট্রোকেমিক্যাল পণ্য, এমনকি ‘এক ফোঁটা তেল বা গ্যাসও’ নিরাপদে পরিবহন করা সম্ভব হবে না। এছাড়া আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীকে একটি ‘শাস্তিমূলক অভিযান’-এর জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সোমবার আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালির একটি কথিত অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনী ওই জাহাজগুলোকে এই পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল।
আইআরজিসির বিবৃতিতে জাহাজ দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, ক্রুদের পরিচয় বা কোনো হতাহতের তথ্য উল্লেখ করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এ দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সূত্র : দ্য গার্ডিয়ান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176889