বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

মফস্বল ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ জুলাই) উপজেলার পৌরসভার খরকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তারা হলো-খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার নাহিয়ান ও ইয়াকুব বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটি হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার বিকেল ৫টায় বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে দুই শিশুর জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করা হয়। খেলাধুলার পর গোসল করতে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বলেন, দুই শিশুই বিদ্যালয়ে উপস্থিত ছিল। দুপুর পৌনে ১২টার দিকে ছুটি হওয়ার পর তারা বাড়ি যাওয়ার কথা। বিকেলে তাদের মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। তারা খুবই মিশুক ও ভদ্র স্বভাবের ছিল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176885