পাসপোর্টে যুক্ত হলো ‘ইসরায়েল ব্যতীত’

পাসপোর্টে যুক্ত হলো ‘ইসরায়েল ব্যতীত’

বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার (১৯ জুলাই) সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের বহিরগমন—৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। সরকারি আদেশে বলা হয়েছে, ই—পাসপোর্ট বুকলেটে বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে এর নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে জলছাপগুলো সুবিন্যস্ত করা হলো। আদেশটি পর্যালোচনা করে দেখা গেছে, ই—পাসপোর্টের জলছাপে বেশকিছু পরিবর্তন এসেছে। নতুন জলছাপে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ যুক্ত করা হয়েছে। এছাড়া সব ধর্মের প্রতীক যুক্ত করা হয়েছে ই—পাসপোর্টে। এখন থেকে যেসব পাসপোর্ট তৈরি করা হবে, সেগুলোতে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই—পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। তখন পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এরপর বিভিন্ন মহল থেকে ই—পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো—এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পাসপোর্টে বেশকিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়ে একাধিক সভা করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী ই—পাসপোর্টে কয়েকটি ছবি যুক্ত করতে বলেন। সেসব ছবি জলছাপে যুক্ত করে সরকারি আদেশ জারি করা হলো।

ই—পাসপোর্টে নতুন করে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি; উত্তরার আজমপুরে পানি হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও বাংলাদেশের জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ তিনজনের ছবি যুক্ত করে নাম দেওয়া হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176878