বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার অতিক্রম করেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় আজ সোমবার (২০ জুলাই) লেনদেনের শুরুতেই তেলের দামে উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা যায়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ০৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে। ১১ জুনের পর সর্বোচ্চ দাম এটিই। এর আগে গত সপ্তাহে ব্রেন্টের মূল্য ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক উল্লম্ফন।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৯ ডলার বা ২ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এটি ১২ জুনের পর সর্বোচ্চ। গত সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা মার্চের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষই একে অপরের সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকট এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। অপরদিকে, ইরান জানিয়েছে, প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সম্পন্ন হওয়ায় সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে।
সোমবার ভোরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি জানায়, ওমানের কুমজারের উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাটি অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এলএসইজি-এর তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের আটটির তুলনায় অর্ধেক। একই সময়ে শুক্রবার থেকে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার এবং একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার তেল বোঝাইয়ের উদ্দেশ্যে প্রণালিতে প্রবেশ করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176877