লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ পুলিশের একটি দল ভবানীপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে গ্রেফতার করে।

হামিদুলকে থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশের গতি রোধ করে। এসময় তারা পুলিশকে ঘিরে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও তারা পৌঁছানোর আগেই পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে অবরুদ্ধ পুলিশ সদস্যরা হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে দাবি পুলিশের।

কথা হলে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, হামিদুল ইসলামের বিরুদ্ধে আগে মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছে এবং মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176819