ফেনীর ৪ স্থানে বড় পর্দায় দেখানো হবে স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ

ফেনীর ৪ স্থানে বড় পর্দায় দেখানো হবে স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ

ফিফা ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচকে ঘিরে ফেনী শহরে উৎসবের আমেজ বিরাজ করছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি উপভোগ করতে শহরের চারটি স্থানে বড় পর্দার আয়োজন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় বাংলাদেশ সময় মাঠে গড়াবে ফাইনাল। প্রিয় দলের জার্সি গায়ে হাজারো ফুটবলপ্রেমী একসঙ্গে খেলা উপভোগ করবেন, এমন প্রত্যাশায় শহরের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

জানা গেছে, ফেনী শহরের জেল রোডে ফেনী পৌরসভার এলইডি স্ক্রিন, মিজান রোডে সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দীনের উদ্যোগে, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে এবং মহিপাল ফ্লাইওভারের নিচে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সৌজন্যে বড় পর্দায় ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

আর্জেন্টিনা সমর্থক রিয়াজ উদ্দিন স্বপন বলেন, আর্জেন্টিনা ফাইনালে ওঠায় আমরা দারুণ উচ্ছ্বসিত।

একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। যারা এমন আয়োজন করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আমরা বিশ্বাস করি, এবারও বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার হাতেই উঠবে।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। তাই মহিপাল ফ্লাইওভারের নিচে ৯৬ বর্গফুটের এলইডি স্ক্রিন স্থাপন করেছি, যাতে সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে ফাইনাল উপভোগ করতে পারেন। সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।

জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন বলেন, পৌরসভার এলইডি স্ক্রিনে প্রযুক্তিগত সমস্যা থাকায় ফুটবলপ্রেমীদের কথা বিবেচনা করে মিজান রোডে নিজ অর্থায়নে বড় স্ক্রিনের ব্যবস্থা করেছি। সেমিফাইনালের দুটি ম্যাচেও দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। ফাইনালে আরও বেশি দর্শকের সমাগম হবে বলে আশা করছি।

এসি মার্কেটের সামনে বড় পর্দার অন্যতম উদ্যোক্তা ব্যবসায়ী মো. ফয়সাল বলেন, ফাইনাল উপলক্ষে ঢাকা থেকে ৯৬ বর্গফুটের অত্যাধুনিক এলইডি স্ক্রিন আনা হয়েছে। সবাইকে বড় পর্দায় খেলা উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানাই। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন জাহিদ হোসেন বাবুল।

ফেনী পৌরসভার এলইডি স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত সৌরভ হোসেন জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে স্ক্রিনটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।

সম্প্রতি আংশিক মেরামতের ফলে এটি সীমিত পরিসরে চালু করা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি সচল করতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় হবে। সংস্কার সম্পন্ন হলে আগের মতো উন্নত মানে সম্প্রচার করা যাবে।

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফেনীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার এ উদ্যোগে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে ফেনী শহর রাতভর বিশ্বকাপের উন্মাদনায় মুখর থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176814