জয়পুরহাট এনএসিপির আহ্বায়কের পদ থেকে তাপসের পদত্যাগ
জয়পুরহাট প্রতিনিধি: ন্যাশনালিষ্ট সিটিজেনস পার্টি (এনএসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে দলীয় পদ থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র প্রেরণ করেন। পদত্যাগপত্রটি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের মাধ্যমে জমা দেওয়া হয়।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘ দিন যাবৎ তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও একাগ্রতার সাথে জয়পুরহাট জেলা এনএসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলায় ছাত্ররাজনীতি ও মূল দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন।
তবে বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব যথাযথ ও সক্রিয়ভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, পদ থেকে অব্যাহতি নিলেও দলের একজন সাধারণ সমর্থক ও সদস্য হিসেবে তিনি দলের মঙ্গল ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সাথে দায়িত্ব পালনকালে সকল নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176723