ছড়িয়ে পড়েছে বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সাফল্য

ছড়িয়ে পড়েছে বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সাফল্য

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মোহাম্মদপুরে প্রতিষ্ঠিত ‘বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের’ সাফল্য ও সুনামের কথা ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের মাঝে। সামাজিক দায়িত্ববোধ থেকে সৃষ্টি এ বিদ্যালয় এখন গৌরবের উচ্চ শিখরে আবির্ভূত হয়েছে।

জানা যায়, বিরামপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের সমাজ সেবক মো: গোলাম মোস্তফা সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবন্ধীদের মূল স্রোতধারায় পরিচালিত করার লক্ষ্যে ২০১২ সালে তার নিজ জমিতে তৈরি করেন ‘বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়’। দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে সেই বিদ্যালয় এখন প্রতিবন্ধীদের ভরসার বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি পেয়েছে।

আর সাধারণ মানুষের দৃষ্টিতে এটি এখন মানবিকতার উজ্জল উদাহরণ হিসেবে সুনামের উচ্চ শিখরে দাঁড়িয়েছে। বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বর্তমানে ২৫৭ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রতিবন্ধী শিক্ষা ফাউন্ডেশন, কারিগরী বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারিকুলাম অনুসরণ করে শিক্ষকগণ আন্তরিকতার সাথে পাঠদান এবং খেলাধুলা ও ব্যায়ামের বিশেষ সুবিধার ফলে দূর-দূরান্তের প্রতিবন্ধীরাও সেখানে পড়তে আসে।

বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: গোলাম মোস্তফা বলেন, প্রান্তিক পর্যায়ের প্রতিবন্ধীরা লেখাপড়া থেকে বঞ্চিত থাকার ফলে সমাজের মূল স্রোতধারায় মিশতে পারেনা। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে আমারা বিদ্যালয়টি পরিচালনা করছি। বিদ্যালয়টি জাতীয়করণের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের জীবনমানের উন্নয়ন ঘটলে এবং প্রতিবন্ধীরা ধারাবাহিকভাবে শিক্ষার সুযোগ পেলেই তার লক্ষ্য সফল রূপ পাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176717