পলাতক ফ্যাসিস্ট সরকার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে : কাজী রফিক এমপি

পলাতক ফ্যাসিস্ট সরকার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে : কাজী রফিক এমপি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু গত সরকার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড একেবারেই ভেঙে দিয়ে পলায়ন করেছে। নতুন শিক্ষা ব্যবস্থা চালুর নামে তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় নানা ধরণের আধুনিক পদ্ধতি চালু করেছে।

তিনি বলেন, শিক্ষকরাই পারে একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। শিক্ষকদের হাত ধরেই একটি নিরাপদ সমাজ গঠিত হয়। আমাদের তরুণ প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদান করে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে এবং এরজন্য তাদের ভিতর নৈতিকতার বীজ বপন করতে হবে। সংসদ সদস্য আরো বলেন, দুর্গম চরাঞ্চলের সকল শিক্ষার্থীদের আধুনিক, কারিগরি এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদান করা হবে।

শিক্ষকদের কাজ  শুধু রিডিং পড়ানো নয়, বরং একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা।  মানবসম্পদকে দক্ষ সম্পদে পরিণত করতে পারে একটি শেণিকক্ষ। আজ শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া সারিয়াকান্দি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহতাবুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, মথুরাপাড়া বশির কাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।

একই দিনে উপজেলার ১৪ জন গরীব দুস্থের মাঝে সেলাই মেশিন, ১৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ১০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176713