বগুড়ায় জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার : ট্রেড ইউনিয়নের নিয়ম না মেনে অবৈধ কমিটি গঠন, কার্যালয় দখলের চেষ্টা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় হোটেল শ্রমিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ বি এম বকুল মোল্লা। তিনি শুরুতেই জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদসহ ২০২৪ সালের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন ও বেকারি শ্রমিক ইউনিয়নের নেতারা ১৪ দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর জেলা প্রশাসনের মাধ্যমে কার্যালয়টি পরিত্যক্ত ঘোষিত হলে, ২০২৪ সালের অক্টোবর থেকে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বকুল মোল্লা দাবি করেন, বেকারি শ্রমিক ইউনিয়নের কার্যক্রম আদালতে চলমান মামলার কারণে স্থগিত রয়েছে। অথচ গত ৩ জুলাই নিয়ম বহির্ভূতভাবে সাধারণ সভা ডেকে শ্রম আইন পরিপন্থী নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া গত ১০ ও ১৪ জুলাই নূর মোহাম্মদ রাঙ্গার নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি কার্যালয় দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রাঙ্গা বগুড়া চেম্বার অব কমার্সের সদস্য হওয়ায় তাঁর শ্রমিক নেতা পরিচয় দেওয়ার সুযোগ নেই বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও অনলাইনে অপপ্রচারের নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন, বগুড়া জেলা বিএনপি এবং জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক আলী, শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহসান সাব্বির সোহাগ, জাতীয়তাবাদী দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহেল সরকার এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শেখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176712