পাবনার সুজানগরে পুলিশের ওপর হামলার ঘটনায় মহিলাসহ গ্রেফতার ১১
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের মথুরাপুরে গ্রামবাসীর হামলায় সুজানগর থানার ওসি আহত ও পুলিশ পিকআপ ভাঙচুরের মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে এক মহিলাসহ ১১জনকে গ্রেফতার করেছে সুজানগর থানা ও পাবনা ডিবি পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে ওই অভিযান পরিচালিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে সুজানগর থানা পুলিশ (আর্জেন্টিনা-ইংল্যান্ড) খেলা দেখার আসরে অভিযান চালিয়ে ৮-১০ জনকে আটক করে। খেলার আসরে উপস্থিত অন্যান্য লোকজন আটককৃতদের নিরাপরাধ দাবি করে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। কিন্তু পুলিশ তাদের না ছেড়ে দেওয়ায় এক পর্যায়ে আটককৃতদের ছাড়িয়ে নিতে ওই গ্রামের একাধিক মসজিদে মাইকিং করা হয়।
এসময় শত শত গ্রামবাসী ছুটে এসে পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়। হামলায় সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন আহত হওয়া ছাড়াও পুলিশ পিকআপ ভাঙচুর করা হয়।
সুজানগর থানার অফিসার পরিদর্শক (তদন্ত) মো: লালবুর রহমান জানান, ওই ঘটনায় পরের দিন সন্ত্রাস প্রতিরোধ আইনে একটি এবং পুলিশ আহত ও পুলিশ পিকআপ ভাঙচুরের অপরাধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলায় শতাধিক এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাত নামা আসামি রয়েছে। তিনি আরো জানান, মামলা দু’টি সুজানগর থানায় দায়ের হলেও এর তদন্তভার দেওয়া হয়েছে পাবনা ডিবি পুলিশকে।
ডিবি পুলিশের এসআই ইমতিয়াজ হোসেন জানান, গতকাল শনিবার ভোররাতে পাবনা পুলিশ সুপার মো: ছুফি উল্লাহর নেতৃত্বে মথুরাপুর গ্রামে চিরুনি অভিযান পরিচালিত হয়। অভিযানে আফরোজা পারভীন শিখা নামে এক মহিলাসহ মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176701