সারাক্ষণ সুইচ বোর্ডের ইন্ডিকেটর লাইট জ্বলে, এতে বিদ্যুৎ বিল কি বাড়ে?

সারাক্ষণ সুইচ বোর্ডের ইন্ডিকেটর লাইট জ্বলে, এতে বিদ্যুৎ বিল কি বাড়ে?

বাড়ির সুইচ বোর্ডে ছোট লাল, কমলা বা সবুজ রঙের আলো জ্বলতে দেখা যায় প্রায় সব জায়গাতেই। অনেকের মনেই প্রশ্ন আসে সুইচ বন্ধ থাকার পরও এই আলো কেন জ্বলে? ২৪ ঘণ্টা জ্বলতে থাকা এই ছোট বাতির কারণে কি বাড়ছে বিদ্যুতের খরচ?

আসলে সুইচ বোর্ডের এই আলোকে বলা হয় ইন্ডিকেটর লাইট বা পাইলট ল্যাম্প। এর মূল কাজ হলো বিদ্যুৎ সংযোগ সচল আছে কি না, সেটি বোঝানো। এটি শুধু সাজানোর জন্য নয়, বরং অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

সুইচ বন্ধ থাকলেও আলো জ্বলে কেন?

সাধারণত সুইচ বোর্ডের ইন্ডিকেটর লাইট সরাসরি বিদ্যুতের ফেজ ও নিউট্রাল লাইনের সঙ্গে যুক্ত থাকে। ফলে কোনো নির্দিষ্ট যন্ত্রের সুইচ বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ থাকলে ইন্ডিকেটরটি জ্বলতে পারে। সহজভাবে বললে, সুইচটি হয়তো ফ্যান, লাইট বা অন্য কোনো যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করছে, কিন্তু ইন্ডিকেটর লাইটটি বিদ্যুৎ লাইনের উপস্থিতি জানানোর জন্য আলাদা সংযোগে কাজ করে।

এই ছোট আলো কি বেশি বিদ্যুৎ খরচ করে?

অনেকেই মনে করেন, সারাদিন-রাত জ্বলতে থাকা এই আলো বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়। তবে বাস্তবে এর প্রভাব প্রায় নেই বললেই চলে। বেশিরভাগ ইন্ডিকেটর লাইট সাধারণ বাল্বের মতো নয়। এগুলো সাধারণত নিয়ন ল্যাম্প বা কম বিদ্যুৎ খরচের এলইডি প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়। এগুলোর বিদ্যুৎ ব্যবহার খুবই কম।

সাধারণত একটি ইন্ডিকেটর লাইট প্রায় ০.২ থেকে ০.৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে। ফলে ২৪ ঘণ্টা জ্বললেও বছরে বিদ্যুৎ খরচ হয় খুব সামান্য, যা সাধারণত কয়েক টাকার বেশি নয়।

ইন্ডিকেটর লাইটের প্রয়োজন কেন?

এই ছোট আলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়। যেমন-

  • সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগ আছে কি না বোঝা যায়।
  • অন্ধকারে সুইচ খুঁজে পেতে সুবিধা হয়।
  • ভারী যন্ত্রপাতির ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে সতর্ক থাকা যায়।

ফ্রিজ, গিজার, এয়ার কন্ডিশনার বা ওয়াশিং মেশিনের মতো ভারী যন্ত্রের জন্য ব্যবহৃত ১৬ অ্যাম্পিয়ার সুইচ বোর্ডেও অনেক সময় ইন্ডিকেটর লাইট থাকে। এটি জানিয়ে দেয়, সকেটে বিদ্যুৎ সংযোগ চালু রয়েছে।

ইনভার্টার থাকলে বাড়তি সুবিধা

যেসব বাড়িতে ইনভার্টার ব্যবহার করা হয়, সেখানে অনেক সময় ভিন্ন রঙের ইন্ডিকেটর দেখা যায়। এর মাধ্যমে বোঝা যায় বিদ্যুৎ সরবরাহ মূল লাইন থেকে আসছে, নাকি ইনভার্টার থেকে। কিছু ক্ষেত্রে লাইটের উজ্জ্বলতা দেখে ভোল্টেজের ওঠানামার বিষয়েও ধারণা পাওয়া যায়। ভোল্টেজ কম হলে আলো কিছুটা ম্লান হতে পারে।

কখন সতর্ক হওয়া দরকার?

যদিও সাধারণ ইন্ডিকেটর লাইট জ্বলে থাকা স্বাভাবিক, তবে কিছু পরিস্থিতিতে সতর্ক হওয়া প্রয়োজন। যদি-

  • সুইচ বন্ধ করার পরও ভারী যন্ত্রের সকেটে অস্বাভাবিকভাবে বিদ্যুৎ থাকে,
  • ইন্ডিকেটর লাইট বারবার টিমটিম করে,
  • আলো হঠাৎ অস্বাভাবিকভাবে কমে বা বেড়ে যায়,
  • সুইচ বোর্ড গরম হয়ে যায়,

তাহলে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে বোর্ড পরীক্ষা করানো উচিত। কারণ কখনো কখনো সুইচের ভেতরের ত্রুটি বা সংযোগ সমস্যার কারণে বিদ্যুৎ প্রবাহ ঠিকভাবে বিচ্ছিন্ন নাও হতে পারে।

এই ছোট আলোর রয়েছে বড় ভূমিকা

সুইচ বোর্ডের ইন্ডিকেটর লাইট নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। এটি সারাক্ষণ জ্বললেও বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বাড়ায় না। বরং বিদ্যুৎ সংযোগ সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বিদ্যুৎ সাশ্রয়ের চিন্তায় এই ছোট আলো বন্ধ করার প্রয়োজন নেই। তবে কোনো অস্বাভাবিক আচরণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোই সবচেয়ে নিরাপদ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176676