বারবার ছাতা হারানোর বদঅভ্যাস থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে

বারবার ছাতা হারানোর বদঅভ্যাস থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে

বর্ষাকাল হোক কিংবা তীব্র রোদ, দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় সঙ্গী হলো ছাতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই প্রয়োজনীয় জিনিসটিই সবচেয়ে বেশি হারিয়ে যায়। বাস, ট্রেন, অফিস, রেস্তোরাঁ, শপিং মল কিংবা বন্ধুর বাড়ি-কোথাও না কোথাও ছাতা ফেলে আসার অভিজ্ঞতা প্রায় সবারই রয়েছে। অনেক সময় নতুন ছাতা কেনার কয়েক দিনের মধ্যেই সেটি হারিয়ে যায়।

অনেকে এটিকে শুধু অসাবধানতা বা ভুলে যাওয়ার অভ্যাস বলে মনে করেন। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, বারবার ছাতা হারানোর পেছনে রয়েছে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কিছু আচরণগত বৈশিষ্ট্য। আমাদের মনোযোগ, অভ্যাস, আবহাওয়ার পরিবর্তন এবং ছাতার প্রতি মানসিক গুরুত্বে তৈরি হয় এই প্রবণতা।

চোখের আড়াল হলেই মনের আড়াল

মনোবিজ্ঞানে একটি পরিচিত ধারণা আছে-আউট অব সাইট, আউট অব মাইন্ড’ অর্থাৎ, চোখের সামনে না থাকলে অনেক বিষয়ই মস্তিষ্ক গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। বৃষ্টি হলে ছাতা মাথার ওপর থাকে, তাই সেটি আমাদের মনোযোগের কেন্দ্রেও থাকে। কিন্তু গন্তব্যে পৌঁছে বৃষ্টি থেমে গেলে আমরা

ছাতা বন্ধ করে পাশে রেখে দিই। তখন মস্তিষ্ক ধরে নেয়, বিপদ কেটে গেছে এবং ছাতার প্রয়োজন শেষ। ফলে কয়েক মিনিটের মধ্যেই সেটির কথা ভুলে যাই।

ছাতার সঙ্গে আবেগের সম্পর্ক কম

মোবাইল ফোন, মানিব্যাগ বা চাবি হারালে আমরা দ্রুত বুঝতে পারি। কারণ এগুলোর সঙ্গে অর্থনৈতিক ও ব্যক্তিগত গুরুত্ব জড়িয়ে থাকে।

কিন্তু ছাতার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। অধিকাংশ মানুষ অবচেতনভাবে মনে করেন, হারিয়ে গেলে আবার কিনে নেওয়া যাবে। এই মানসিকতার কারণে মস্তিষ্ক ছাতাকে গুরুত্বপূর্ণ বস্তু হিসেবে সংরক্ষণ করে না। ফলে বের হওয়ার সময় মোবাইল বা মানিব্যাগ খেয়াল থাকলেও ছাতার কথা মনে থাকে না।

আবহাওয়ার পরিবর্তনও দায়ী

বাংলাদেশের আবহাওয়া খুব দ্রুত বদলে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় প্রবল বৃষ্টি থাকলেও অফিসে পৌঁছাতে পৌঁছাতে রোদ উঠে যেতে পারে।

আবহাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মনোযোগও বদলে যায়। রোদ দেখার পর মস্তিষ্ক বৃষ্টির স্মৃতি থেকে সরে আসে। তখন ছাতা আর প্রয়োজনীয় মনে হয় না। এই পরিবর্তনের সুযোগেই ছাতা পড়ে থাকে বাসের সিটে, অফিসের কোণে কিংবা রেস্তোরাঁর টেবিলের পাশে।

ব্যস্ততা কমিয়ে দেয় মনোযোগ

অফিসের চাপ, ফোনকল, মিটিং, কেনাকাটা কিংবা যানজটে একসঙ্গে অনেক বিষয়ে মনোযোগ দিতে গিয়ে মানুষ ছোটখাটো জিনিস ভুলে যায়।

বিশেষ করে বাস বা ট্রেন থেকে দ্রুত নামার সময় মানুষের মন থাকে নিজের ব্যাগ, মোবাইল বা গন্তব্যে। ছাতা তখন দ্বিতীয় সারিতে চলে যায়। ফলে সেটি সিটে বা হ্যান্ডেলে ঝুলেই থেকে যায়।

দামি ও পছন্দের ছাতা কম হারায়

মজার বিষয় হলো, মানুষ সাধারণত নিজের খুব পছন্দের বা তুলনামূলক দামি ছাতা কম হারান।এর কারণ হলো, মূল্যবান জিনিসের প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই খুব সস্তা ছাতার বদলে নিজের পছন্দের রং বা ডিজাইনের একটি ভালো মানের ছাতা কিনলে সেটি মনে রাখার সম্ভাবনাও বেড়ে যায়।

ছাতা হারানো এড়ানোর কয়েকটি সহজ কৌশল-

  • ছাতা কখনো পাশে না রেখে কোলে বা হাতে রাখুন।
  • বের হওয়ার আগে মোবাইল, মানিব্যাগ, চাবির সঙ্গে ছাতাও মনে করার অভ্যাস গড়ে তুলুন।
  • ভাঁজ করা ছাতার ফিতে ব্যাগের হাতল বা স্ট্র্যাপের সঙ্গে আটকে রাখতে পারেন।
  • অন্যের বাড়ি বা অফিসে গেলে প্রবেশপথের এমন জায়গায় ছাতা রাখুন, যেখান দিয়ে বের হওয়ার সময় অবশ্যই চোখে পড়বে।
  • ছাতার ভেতরের অংশে বা হাতলে একটি মার্কার কলম দিয়ে আপনার নাম এবং ফোন নম্বর লিখে রাখতে পারেন। এর ফলে কোথাও ছাতাটি ভুল করে ফেলে এলেও কোনো ভালো মানুষ সেটি পেলে আপনাকে ফেরত দেওয়ার সুযোগ পাবেন।

  • সম্ভব হলে উজ্জ্বল রঙের বা আলাদা ডিজাইনের ছাতা ব্যবহার করুন। এগুলো সহজে নজরে আসে।

ছাতা হারিয়ে ফেলা কোনো রোগ নয়। এটি মূলত মানুষের মনোযোগ, অভ্যাস এবং অবচেতন মস্তিষ্কের স্বাভাবিক আচরণের ফল। তবে ছোট কিছু অভ্যাস বদলালে এবং ছাতাকে প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিস হিসেবে গুরুত্ব দিলে এই সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস, মিডিয়াম

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176674