বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াইয়ের পাশাপাশি সমান আগ্রহ তৈরি হয়েছে হাফটাইম শো ঘিরেও। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিশ্বতারকাদের পরিবেশনা থাকায় বিরতি কত দীর্ঘ হবে, তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে ফিফা জানিয়েছে, ফাইনালের হাফটাইম বিরতি হবে মাত্র ১৭ মিনিট। অর্থাৎ,জমকালো আয়োজন থাকলেও ম্যাচের সূচিতে বড় কোনো পরিবর্তন আসছে না।
আগামীকাল রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচের বিরতি ১৭ মিনিটের বেশি হবে না বলে ইতোমধ্যেই দুই দেশের ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে ফিফা।
এই ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। বাকি প্রায় ছয় মিনিট ব্যবহার করা হবে অস্থায়ী মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের পরিচর্যাও করা হবে।
জাঁকজমকপূর্ণ হাফটাইম শো, বিশ্বসেরা দুই দলের লড়াই এবং বিশ্বকাপ ট্রফির মহারণ সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক স্মরণীয় রাত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176653