উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
উজানের ঢল ও টানা বর্ষণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলের পাঁচ জেলা এবং সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলোর পানিও বাড়তে থাকবে। ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।
সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কিছুটা কমেছে, তবে আগামী তিন দিনে তা আবারও বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের প্রভাব উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানির উচ্চতা আরও বাড়াতে পারে, যা বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এ পরিস্থিতিতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176624