ভারপ্রাপ্তেই ভারাক্রান্ত নাটোরের বাগাতিপাড়ার প্রাথমিক বিদ্যালয়

ভারপ্রাপ্তেই ভারাক্রান্ত নাটোরের বাগাতিপাড়ার প্রাথমিক বিদ্যালয়

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সংকট চলছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৯টিতে স্থায়ী প্রধান শিক্ষক রয়েছেন। বাকি ৩৭টি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

পাশাপাশি সহকারী শিক্ষক সংকট, মাতৃত্বকালীন ছুটি, পিটিআই প্রশিক্ষণ ও অসুস্থতার কারণে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শিক্ষক সংকটের কারণে একাধিক শ্রেণির পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব একসাথে পালন করতে হিমশিম খেতে হচ্ছে।

লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালিত হওয়ায় শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত শূন্য পদে নিয়োগ দেওয়া প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ বলেন, প্রধান শিক্ষক পদ দীর্ঘদিন শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে বিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন নিয়োগ হলে সংকটের সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176607