ঐক্য সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতায় দেশকে এগিয়ে নিতে হবে : সমাজ কল্যাণমন্ত্রী
ঘোড়াঘাট ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সমাজে বিভেদ, হিংসা বা অশান্তি সুযোগ সৃষ্টি করা যাবে না। ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্যদিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হলরুমে ও একইদিন সকালে নবাবগঞ্জ উপজেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মন্ত্রী বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষকদের পাশে থেকে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ১৯০ জন কৃষকের মাঝে খুঁটিসহ কৃষি অফিস কর্তৃক ৫টি ও বিসমিল্লাহ নার্সারি কর্তৃক ১টিসহ মোট ৬টি করে গাছের চারা এবং ১ বস্তা করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, কৃষি অফিসার রফিকুজ্জামান, সার্কেল এএসপি আনম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রমুখ।
এর আগে, মন্ত্রী পৌরসভার চাম্পাতলী রাস্তা উদ্বোধন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কর্তৃক ২৭৭ জন শিশুর মাঝে চার্জার ফ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শেষে শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল্লাহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট প্রদান করেন মন্ত্রী।
এছাড়াও, একইদিন সকালে জেলার নবাবগঞ্জ উপজেলা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) খাতের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশীয় ছোট মাছ চাষ প্রদর্শনীর উপকরণ, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে গাছের চারা, শাক-সবজি, মরিচ বীজ ও অন্যান্য উপকরণ স্থানীয় সরকার থেকে প্রাপ্ত মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে স্থানীয় দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, উপজেলা মৎস্য অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, ওসি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176605