নাটোরের লালপুরে পরীক্ষায় নকলের ভিডিও ভাইরাল, শিক্ষককে শোকজ
লালপুর (নাটোর) প্রতিনিধি: সম্প্রতি নাটোরের লালপুর উপজেলার নান্দ রায়পুর উচ্চ বিদ্যালয়ের অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলাকালীন ৯-১০ শ্রেণির একটি পরীক্ষা কেন্দ্রের নকল করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকসহ সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম বলেন, ভিডিওটি গত ১৩ জুলাই আমাদের নজরে আসা মাত্রই আমরা অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে মিটিং করেছি। বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকেও জানানো হয়েছে। সবার মতামতের ভিত্তিতে ভিডিও ধারণ ও প্রকাশ করার কারণে সংশি¬ষ্ট এক শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক মো. জাহিদ হোসেনকে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে স্কুলের শিক্ষার মান বজায় রাখতে ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ওয়াজেদ আলী মৃধা বলেন, ভিডিওটি আমাদের নজরে আসা মাত্রই আমরা সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেছি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এ ঘটনায় যে দু’জন শিক্ষার্থী ভিডিও করেছে ওই দু’জন পরীক্ষার্থী হওয়ায় তাদের শ্রেণি পাঠদান বন্ধ করা হয়েছে, শুধু বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার সুযোগ পাবে।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হবে এবং বিধি মোতাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176595