পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা আন্দোলনের সাবজেক্ট হলো, প্রশ্ন বিদ্যুৎমন্ত্রীর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে,সরকার সবসময় সেই চেষ্টাই করছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চেষ্টা করছেন। যে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য কৃষি কার্ডও প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা একটা আন্দোলনের সাবজেক্ট হলো?
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকারে টার্গেট সেট করা হয়েছে, ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে যাবে, অর্থ সাশ্রয় হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176563