জাতীয়-আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার
এখন থেকে পূর্বের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ পৃথকভাবে উদযাপিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের ১৩তম মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে এক সিদ্ধান্তের প্রেক্ষিতে ‘জাতীয় যুব দিবস’ (১ নভেম্বর) এবং ‘আন্তর্জাতিক যুব দিবস’ (১২ আগস্ট) দুটি দিবসই একত্রে প্রতি বছর ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত হয়েছিল। তবে ২০২৫ সালে ১২ আগস্ট বর্ষা মৌসুমের কারণে যুব র্যালি, সমাবেশ ও যুবমেলা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে অংশ নেওয়া যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রিতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176506
পাশাপাশি দেখা গেছে, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও ব্যবসায়িক সাফল্য আসে না। এছাড়া জাতীয় যুব দিবস সম্পূর্ণ সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবসটি সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়।
এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিসভা দুটি দিবস একত্রে উদযাপনের সিদ্ধান্ত বাতিল করে পৃথকভাবে পালনের নতুন প্রস্তাব অনুমোদন করেছে। ফলে পূর্বের মতো ১২ আগস্ট কেবল আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হবে।