ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউনের সামনে আরিচাগামী লেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।