ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গত মঙ্গলবার সন্ধ্যায় ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ মাইকেল রায় (৪২) নামের একজনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল দিনাজপুরের কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া গ্রামের মৃত জতিন্দ্রনাথের ছেলে মাইকেল রায়কে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ আটক করা হয়।

যার মূল্য ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। এছাড়াও আটককৃত ব্যক্তির কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন এবং ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তি ও আনুষাঙ্গিক দ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ১ হাজার ২শ টাকা। এ ব্যাপারে বিজিবি বাদি হয়ে কাহারোল থানায় মামলা দায়ের করবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176418