বগুড়ার মোকামতলায় ব্যাংকের ভেতর থেকে খোয়া যাওয়া টাকা দুই দিনেও উদ্ধার হয়নি
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা সোনালী ব্যাংকের শাখার ভেতর থেকে খোয়া যাওয়া ২ লাখ টাকা গত দুই দিনেও উদ্ধার হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যাংকের ভেতর ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগও করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, মোকামতলা উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা দহপাড়া গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তার বাবা আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাংকের ভেতর প্রবেশ করেন। এবং বাবার নামে ওই পরিমাণ টাকা তিন বছর মেয়াদী এফডিআর (স্থানী আমানত) খুলবেন এবং তার পাশাপাশি নতুন হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ফরম পূরণ করছিলেন।
এসময় তার ভ্যানিটি ব্যাগের ভেতর টাকাগুলো ছিল পরে হঠাৎ ব্যাংকের ভিতর বিদ্যুৎ চলে যায়। তখন অজ্ঞাতানামা এক মহিলা তার পাশে দাঁড়িয়ে তাকে কাগজপত্র পূরণের আশ্বাস দেয়। কিছুক্ষণ পর ব্যাগের ভেতর থেকে টাকা বের করতে গিয়ে তিনি দেখেন তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভেতর টাকাগুলো নেই। তখন ব্যাংকের ভেতর ওই মহিলাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তৎক্ষণিক গৃহবধূ রহিমা বিষয়টি ব্যাংকের ম্যানেজারকে জানান এবং ব্যাংকের ভেতর সিসি ফুটেজ দেখার জন্য কোন অনুরোধ করেন।
ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ওই মহিলাকে প্রশাসনিক সহযোগিতা নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এছাড়া তদন্তের স্বার্থে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। থানায় দায়ের করা অভিযোগটি তদন্তের দায়িত্ব থাকা এসআই আনছার আলী জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176411