পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
পঞ্চগড প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মামুন ইসলাম (৩০) ও দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১৫ জুলাই)বেলা সাড়ে ১১টার দিকে পাট কাটার সময় বজ্রপাতে আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান ঘটনাস্থলেই মারা যান।
দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনায় পৃথক ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176409