চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে।
 
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ এই কর্মসূচির ঘোষণা দেয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার বলেন, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে দাবি আদায়ে তারা এই হরতাল ডাকতে বাধ্য হয়েছেন।
 
সমন্বয় পরিষদের নেতারা জানান, বৃহস্পতিবারের হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সব ধরনের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কেও যান চলাচল বন্ধ থাকবে।
 
তবে জনভোগান্তি এড়াতে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ সব জরুরি সেবা এবং চলমান পরীক্ষা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে এই হরতালের আওতার বাইরে রাখা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমন্বয়ক মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবছার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর ও শফিউল আলমসহ সমন্বয় পরিষদের স্থানীয় নেতারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176385