মিরসরাইয়ে শিক্ষকের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি
চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর ১টার দিকে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত পাশে জসিম উদ্দিন ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে।
ঘটনার সময় তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় অজ্ঞাত চোরের দল।
ভুক্তভোগী হামিদা সুলতানা খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চুরির খবর জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী হামিদা সুলতানা জানান, সকালে তিনি মেয়েকে বাসায় রেখে স্কুলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মেয়েও স্কুলে চলে যায়। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে এসে ঘরের তালা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখা যায়, আসবাবপত্র ও কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তিনি আরো বলেন, অনেক কষ্টে অল্প অল্প করে স্বর্ণালংকার কিনেছি, আমার সব স্বর্ণালংকার এভাবে চুরি হয়ে যাবে চিন্তা করতে পারিনি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176375