বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলা
বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ বুধবার(১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজে চলমান এইসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সামনেই হামলাকারীরা ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে পুলিশ তাদেরকে নিভৃত করতে সক্ষম হয়।
হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পিসি কলেজের এইসএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়।
মারধরের শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করেন। ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।
এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠিদের সাথে এই অপ্রতিকর ঘটনা ঘটেছে। এর সাথে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নয়।
বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ, ড. এজেডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়টি খুবই অন্যায় করেছে। আমরা এর ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিয়েছি। ওই শিক্ষার্থীদের প্রিন্সিপালের কাছে আমি এডমিট কার্ড পাঠিয়েছি। তারপরে এরা কেন্দ্রের বাইরে যেয়ে আবারো সংঘর্ষে জড়িয়েছেন। আমরা এই বিষয়টি ডিসি ও এসপি কে অবহিত করব যাতে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সারা শহরে আমাদের বিশেষ টহল চলছিল। এ সময় আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কলেজের অধ্যক্ষের কাছ থেকে জানতে পারি, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে খাতা দেখাদেখিকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটেছে। পরে আমি অধ্যক্ষের কাছে জানতে চাই, এ বিষয়ে তারা কী ব্যবস্থা নিতে চান। জবাবে তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ নিজেরাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কলেজ কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176365