অভিনেত্রী পূরবী শর্মা আর নেই

অভিনেত্রী পূরবী শর্মা আর নেই
না ফেরার দেশে পাড়ি জমালেন অসমীয়া সিনেমা ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী পূরবী শর্মা। মঙ্গলবার (১৪ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুয়াহাটিতে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।
 
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয় পূরবীকে। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। এরপর মরদেহ শান্তিপুরে তার নিজ বাসভবনে নেয়া হয়। সেখানে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
 
এ অভিনেত্রী অসমীয়া চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ ছিলেন। তার সাবলীল অভিনয় এবং আঞ্চলিক চলচ্চিত্র শিল্পে কয়েক দশক ধরে অবিস্মরণীয় অবদানের কথা ভুলবার নয়। ‘আজলি নবৌ’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় ডেবিউ হয় তার। তার শুরুর দিকের চলচ্চিত্র ‘রাগিণী’ জাতীয় পুরস্কার লাভ করে, যা তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক।
 
পূরবী তার দীর্ঘ ক্যারিয়ারে ‘পরভাত’সহ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ‘গেটওয়ে’র মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে টিভি পর্দায়ও খ্যাতি লাভ করেন। চলচ্চিত্র ও টেলিভিশন উভয় মাধ্যমেই তার দুর্দান্ত অভিনয় একাধিক প্রজন্মের মনে জায়গা করে নিয়েছিল।
 
এ অসমীয়া তারকা কুলদা কুমার ভট্টাচার্যের মতো কয়েকজন প্রখ্যাত তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ইন্ডাস্ট্রিতে বেশ সক্রিয় ও সম্মানিত ব্যক্তিও ছিলেন। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অসমীয়া’ এবং ‘প্রাগ সিনে অ্যাওয়ার্ডস’সহ বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
 
এছাড়া প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের সঙ্গে ‘জুয়া বোসোরে’ নামক একটি রোমান্টিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন; যা তরুণ প্রজন্মের দর্শকের কাছে আলাদাভাবে জনপ্রিয় করে তুলে তাকে। পূরবী তার অভিনয় জীবনের বাইরে প্রখ্যাত অভিনেতা, লেখক ও নির্মাতা তপন দাসের সঙ্গে দাম্পত্যজীবনে আবদ্ধ ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176363