সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ৩

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুস্তম আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী ওই গ্রামের আলকাছ আলীর পুত্র।

স্থানীয়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আস্তমা গ্রামের নজিব আলীর পক্ষ এবং আরিছ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের আস্তমা পয়েন্টে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও রাত ১০টার দিকে আস্তমা পয়েন্টসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের কাছে রুস্তম আলী একা থাকাকালে প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন রুস্তম আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুস্তমকে হাসপাতালে নেওয়ার পর দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা-পুলিশ এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আস্তমা গ্রামের নজিব আলী (৭০), রাসেল আহমদ এবং ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের কঠালপুর-নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176357