রাকাব’র মাধ্যমে ঋণমুক্ত হলো ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার

রাকাব’র মাধ্যমে ঋণমুক্ত হলো ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম দেশের প্রথম ব্যাংক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সফলভাবে বাস্তবায়ন করেছে। এ কার্যক্রমের আওতায় মোট ২ লাখ ৩৯ হাজার ৪৮০টি কৃষক পরিবারের মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

ব্যাংক সূত্রে জানা যায়, এ কার্যক্রমের মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৮৮ হাজার ৮২৫টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৫৫টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকৃত কৃষকরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

কৃষকদের এ বিশেষ সুবিধা প্রদানের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে রাকাব নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে কার্যক্রম সম্পন্ন করেছে। ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাকাব কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176351