আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তার আপিল করার কোনো অধিকার থাকলে, সেটি আইন ও আদালত দেখবে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাবে। তবে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে এবং আইনি প্রক্রিয়ায় রায় কার্যকর হবে।
বিগত ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়; এ দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাই এই অর্জন সবার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176350