দল মোটেও ততটা খারাপ খেলেনি, যতটা মানুষ বলাবলি করছে : স্কালোনি

দল মোটেও ততটা খারাপ খেলেনি, যতটা মানুষ বলাবলি করছে : স্কালোনি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। টুর্নামেন্টের নকআউট পর্বে প্রতি ম্যাচেই কঠিন পথ পাড়ি দিতে হলেও দলের পারফরম্যান্সে ঘাটতি দেখছেন না আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড।

ম্যাচ—পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘পরিসংখ্যান বলছে দল মোটেও ততটা খারাপ খেলেনি, যতটা মানুষ বলাবলি করছে। এই পর্যায়ে আসতে হলে আমাদের অবশ্যই ভালো কিছু করতে হয়েছে। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা আমাদের আবারও বিশ্বের সেরা চার দলের কাতারে নিয়ে এসেছে।’ এবারের বিশ্বকাপে কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই কঠিন পথ চলাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ। তার মতে, কষ্ট না করে বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে ওঠা অসম্ভব এবং এই প্রতিকূলতা জয় করাই দলটির সবচেয়ে বড় শক্তি।

আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে থমাস টুখেলের ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইংলিশদের দুই তারকা হ্যারি কেইন ও জুড বেলিংহামকে রুখে দিয়ে ফাইনালে যাওয়ার সুযোগটি লুফে নিতে মুখিয়ে আছেন স্কালোনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176345