চুয়াডাঙ্গায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের এই ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মিজানুর রহমান (৬১) নামে ওই পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

আটক মিজানুর রহমান দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এর কাছে গোপন তথ্য আসে যে, দামুরহুদা, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহলদল সড়কে অবস্থান নেয়। এ সময় কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176341