বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করল চীন

বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চীনা যুবক ও মাঝ বয়সী ব্যক্তিরা প্রায়ই আলোচনায় আসছেন বাংলাদেশি তরুণীদের বিয়ে করে। দেশের বিভিন্ন স্থান থেকে চীনা ও বাংলাদেশিদের মধ্যে বিয়ের তথ্য আসছে। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের সতর্ক করেছে চীন।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশস্থ চীনা দূতাবাস তাদের উইচ্যাট অ্যাকাউন্টে এ সংক্রান্ত সতর্কতা দিয়েছে। এতে বলা হয়েছে, যদি কেউ প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশিদের বিয়ে করেন তাহলে তাদের মানবপাচারের দায়ে গ্রেপ্তার করা হবে।

এছাড়া বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বিয়ের অনলাইন ‘মেচমেকিং’ সংস্থাগুলোকে বিশ্বাস না করতে বলা হয়েছে। চীনা দূতাবাস এটিকে ‘বিয়ে কেনা’ হিসেবে অভিহিত করেছে।

দূতাবাস আরও বলেছে, তারা জানতে পেরেছে ক্রস-বর্ডার বিয়ের মাধ্যমে অনেক চীনা নাগরিক প্রতারণায় জড়িয়ে পড়েছেন।  

এছাড়া যারা বাংলাদেশে এসে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে তাদের ব্যাপারেও অবহিত করার আহ্বান জানিয়েছে চীন।

আর যারা প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে বাংলাদেশে গিয়ে বিয়ে করবে তাদের দেশে ফেরার পর মানবপাচারের দায়ে গ্রেপ্তার করা হতে পারে বলে সতর্কতা দিয়েছে ঢাকাস্থ দূতাবাস।

তারা বলেছে, এ ধরনের বিয়ে করলে সহজেই মানবপাচার, অপহরণ, হুমকি, আইনি ঝামেলা এবং আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়ার ঝুঁকি থাকবে। যারা প্রতারণামূলক বিয়ের শিকার হয়েছেন তাদের পুলিশকেও অবহিত করতে বলা হয়েছে।

সূত্র : গ্লোবাল টাইমস

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176335