ইরানের খাদ্যগুদামে মুহুর্মুহু মার্কিন বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণ—পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলায় একটি বড় গমের গুদাম বা সাইলো এবং আরেকটি স্থাপনা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে প্রাদেশিক প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক খবর জানিয়েছে। এই আকস্মিক হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক উপ—গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি জানিয়েছেন যে প্রদেশের হোভেইজেহ কাউন্টিতে অবস্থিত একটি গমের সাইলো এবং দশত—ই আজাদেগান কাউন্টির আরেকটি নির্দিষ্ট স্থাপনায় এই মার্কিন প্রজেক্টাইলগুলো আঘাত হানে। তিনি স্পষ্ট করেছেন যে, হামলায় এখন পর্যন্ত কোনো মানুষের প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হামলার পর ক্ষয়ক্ষতির সার্বিক মূল্যায়ন ও পরীক্ষা—নিরীক্ষা চলছে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এই হামলার ঠিক আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, ইরানের ওপর তাদের এই সামরিক আক্রমণ অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতে এর তীব্রতা আরও বৃদ্ধি করা হবে।
তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আলটিমেটাম দিয়ে সতর্ক করেন যে, ইরান যদি সমঝোতায় না আসে, তবে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতুগুলোকে লক্ষ্য করে বড় ধরনের বিধ্বংসী হামলা শুরু করা হবে। সূত্র : আনাদোলু এজেন্সি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176326